চিত্রনায়িকা অঞ্জনা রহমান (৭৬) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর পিজি হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় অঞ্জনার নামাজে জানাজা হবে এফডিসিতে।
২৪ ডিসেম্বর নায়িকা অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার জ্বর ছিল। পরে চিকিৎসকরা জানান, তার ব্লাড ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে গেছে। এর ফলে হার্ট ও কিডনিতে সমস্যা দেখা দেয়। ফুসফুসে পানি জমেছে। এর মধ্যে স্ট্রোকও হয় একবার।
শুক্রবার বিকেলে অঞ্জনার চিকিৎসার ব্যাপারে তার সন্তান নিশাত মনি জানিয়েছিলেন, পিজিতে সর্বোচ্চ চিকিৎসা চলছে। তবে অবস্থা ভালো না। এসবির কয়েকজন এসে খোঁজ নিয়ে গেছেন। শিল্পী সমিতিও নিয়মিত খোঁজ রাখছেন।
অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
