খেলোয়াড় বদলেছে, ফ্র্যাঞ্চাইজি বদলেছে, কিন্তু বদলায়নি ঢাকার ভাগ্য। বিপিএলের গত আসরে প্রথম ম্যাচ জয়ের পর টানা ১১টি ম্যাচ হেরেছিল তখনকার ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। চলতি বিপিএলেও ঢাকার সেই পুরনো রূপ দেখা যাচ্ছে। ‘ঢাকা ক্যাপিটালস’ নাম নিয়ে তারা নিজেদের প্রথম তিন ম্যাচেই হারল। গতকাল তো অধিনায়কের সেঞ্চুরির পরও হেরেছে! প্রশ্ন উঠেছে যে- ঢাকা কি এবার পরাজয়ের রেকর্ড গড়বে?
ঢাকা ক্যাপিটালসের মালিকানা এখন চিত্রনায়ক শাকিব খানের। প্রথমবারের মতো তিনি ক্রিকেটে বিনিয়োগ করেছেন। কিন্তু অভিজ্ঞতা খুব ভালো হচ্ছে না। মিরপুরে গিয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক তথা বোর্ড কর্মকর্তা খালেদ মাহমুদ সুজন। টানা তিন ম্যাচ হারের পর সুজনের পরিকল্পনা এবং একাদশ নির্বাচন নিয়েও কথা উঠছে।
গতকাল খুলনা টাইগার্সের ১৭৩ রান তাড়া করতে নেমে ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা শেষ বলে সেঞ্চুরি করলেন; কিন্তু তার দল হারল ২০ রানে! ঢাকার ওপেনার লিটন দাস ফর্মে নেই বহুদিন। প্রথম ম্যাচে ৩১ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পরের দুই ম্যাচে যথাক্রমে ০ এবং ২ রান করেছেন। দলটি এখনো মাঠে নামায়নি সাব্বির রহমানকে। আর হাবিবুর রহমান সোহানকে প্রথম ম্যাচ খেলিয়ে বসানো হয়েছে।
দলটিতে এমনিতেই বড় তারকা নেই বললেই চলে। দেশীয় তারকাদের মাঝে লিটন দাস আর মুস্তাফিজুর রহমান আছেন; দুজনের কেউই নেই ফর্মে। গত আসরে টানা ১১ ম্যাচ হেরেছিল ঢাকা। বিপিএলের এক আসরে ১১ ম্যাচ হারের নজির অবশ্য আগেও আছে। ২০১৯ সালে টুর্নামেন্টের সপ্তম আসরে ১১ ম্যাচ হেরেছিল সিলেট থান্ডার। দুই আসর মেলালে ঢাকা টানা ১৪ ম্যাচে হেরেছে। হাতছানি দিচ্ছে লজ্জার রেকর্ডও।
সিলেট এবং ঢাকার ১১ ম্যাচে পরাজয়ের রেকর্ড থাকলেও এক মৌসুমে ১২ ম্যাচের সবগুলো হারের রেকর্ড কারও নেই। এবার প্রথম ম্যাচ থেকেই ঢাকা যেভাবে হারছে, তাতে এই লজ্জার রেকর্ড না আবার এককভাবে তাদের হয়ে যায়! ঢাকার সমর্থকেরা আপাতত এই শঙ্কাতেই আছেন। পরিস্থিতি বদলের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিলেটে পরের ম্যাচে ঢাকার প্রতিপক্ষ শক্তিশালী রংপুর রাইডার্স, যাদেরকে হারানো ভীষণ কঠিন।
ব্যাটে রান নেই, তাই সরে দাঁড়িয়েছি: রোহিত শর্মা
সাকিবকে ফেরাতে চেষ্টা করবে বিসিবি
বিপিএলের প্রথম সেঞ্চুরি এলো পাকিস্তানি উসমানের ব্যাটে