পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দর বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতি শেষে শিবানন্দ ওরফে শিবু বণিক (৭৮) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় চক্রটি।
জানা গেছে, শিবু বণিক মুদিপণ্য ও বিভিন্ন কম্পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করেন। শুক্রবার বিকালে তার প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে দোকান বন্ধ থাকলেও সেলসম্যানরা দিন শেষে টাকার হিসাব করছিলেন। বিভিন্ন কম্পানির প্রায় সাড়ে ৭ লাখ টাকা জমা নেওয়ার সময় ৮-১০ জনের একটি ডাকাত দল সামনের দরজা ভেঙে দোকানে প্রবেশ করে।
এ সময় অস্ত্রের মুখে শিবু বণিকসহ তার ২ কর্মচারীকে জিম্মি করে হাত পা বেঁধে প্রথমে টাকা ছিনিয়ে নেয় এবং শিবু বণিককে অপহরণ করে নিয়ে যায়।
দোকানের কর্মচারী সংকর দাস বলেন, ডাকাত দল ভেতরে এসে আমাকে ও অপর একজনকে খুঁটির সাথে হাত-পা বেঁধে দেয়। পরে মুখে টেপ লাগিয়ে দেয় যাতে আমরা চিৎকার করতে না পারি। ডাকাতরা প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়ে যায় এবং শিবু কাকাকে অপহরণ করে ট্রলারযোগে পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কালাম হোসেন বলেন, শিবু বণিককে উদ্ধারের চেষ্টা চলছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।
তাহসানের স্ত্রী, কে এই রোজা?