বাকৃবির ক্যালেন্ডারে জুলাই বিপ্লবের গল্প

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম

জুলাই বিপ্লবের স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫ সালের ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ছাত্র-জনতার জুলাই বিপ্লবের বিভিন্ন সময়ে তোলা ছবি স্থান পেয়েছে। ক্যালেন্ডার শুরুর পাতায় তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবের শুরুর সংগ্রাম এবং শেষ করা হয়েছে স্বাধীনতার সূর্যোদয়ের চিত্র দিয়ে।

ক্যালেন্ডারের মে মাস/বৈশাখ-জ্যৈষ্ঠের পাতায় রয়েছে শহীদ মুগ্ধর গ্রাফিতির চিত্র যেখানে লেখা ‘পানি লাগবে কারও? পানি, পানি, পানি’। পরের পাতায় রয়েছে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার চিত্র। সঙ্গেই রয়েছে পুলিশের গাড়িতে শিক্ষার্থীর লাশ ঝুলানোর চিত্র। জুলাই মাসের পাতায় রয়েছে রিকশায় করে শিক্ষার্থীর লাশ নেওয়ার চিত্র। বিপরীতে রয়েছে শরীরে শিহরণ জাগানো শহীদ আবু সাঈদের সেই ‘মনের ভেতর উঠেছে ঝড়, বুক পেতেছি গুলি কর’ ভঙ্গিমার গ্রাফিতি। আগস্টের পাতায় রয়েছে ৫ আগস্টের গণভবন দখলের ছবি।

বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, ২০২৪ এর জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও স্মরণীয় অধ্যায়। এই বিপ্লবে শিক্ষার্থীরা প্রমাণ করেছে, ঐক্য ও সাহসিক সংগ্রাম দিয়ে পুরো দেশকে বদলে দেওয়া সম্ভব। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ময়মনসিংহের ছাত্র-জনতা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লাখো শহীদের ত্যাগ ও বীরত্বগাঁথা এক ফ্রেমে তুলে ধরা কখনোই সম্ভব নয়। তবুও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার পরিকল্পনায় এবং জনসংযোগ ও প্রকাশনা দফতরের আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি জুলাই বিপ্লবের স্মরণীয় ঘটনাগুলোকে একটি ক্যালেন্ডারের মাধ্যমে ফুটিয়ে তুলতে, যেন পুরো বছরজুড়ে জুলাই বিপ্লব মানুষের স্মৃতিতে গেঁথে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত