নতুন বছরে বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিটে তাহসান দেশ রূপান্তরকে বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিস্তারিত পরে জানাতে চেয়েছিলেন।
সেই হিসেবে আজ সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো।
এই পোস্টের ক্যাপশনে তাহসান লিখেছেন,
কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?
তার নিচে রেড লাভ চিহ্ন এবং হ্যাশ দিয়ে লেখা হোম ফর লাইফ।
আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। এমনও লিখেছেন কেউ কেউ, ‘অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান। তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল!’
পরবর্তীতে এই বিষয়ে দেশ রূপান্তরকে সরাসরি বিয়ের বিষয়টি জানিয়ে বলেন, হ্যাঁ বিয়ের খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।
তাহসান খান জানান, তার স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা'স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এক দশকেরও বেশি সময় ধরে, এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।
অপুর চেয়ে শাকিবকেই বেশি ভালোবাসে জয়