লিভারপুল ম্যাচের আগে আবার ছিটকে গেলেন রাশফোর্ড

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

টানা ব্যর্থতা কাটানোর চেষ্টায় লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচেও স্কোয়াডে থাকছেন না ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। অসুস্থতার কারণে রোববার মাঠে নামতে পারবেন না তিনি।

এর আগে পড়তি ফর্মের জন্য টানা চার ম্যাচ স্কোয়াডের বাইরে ছিলেন রাশফোর্ড। নিউক্যাসলের বিপক্ষে দলে ফিরলেও পুরোটা সময় কাটান বেঞ্চে। ইউনাইটেড কোচ রুবেন আমুরিম একদিন আগেই নিশ্চিত করেছেন, 'সে অসুস্থ, অনুশীলনও করছে না। তাই ম্যাচে খেলবে না।'

এই মৌসুমে লিগে ইউনাইটেডের অবস্থা করুণ। সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই পরাজয়, আর ১৯ ম্যাচে মাত্র ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে। ১৯৮৯ সালের পর লিগে এত খারাপ অবস্থায় বছর শেষ করেনি দলটি।

অন্যদিকে শীর্ষে থাকা লিভারপুল উড়ছে দুর্দান্ত ফর্মে। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে শিরোপার অন্যতম দাবিদার তারা। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় অ্যানফিল্ডে ইউনাইটেডকে আতিথ্য দেবে তারা।

ফর্মহীনতা আর ইনজুরি সমস্যা সামলে লিভারপুলের বিপক্ষে ইউনাইটেড কোনো চমক দেখাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত