এগিয়ে গিয়েও বিপদে ভারত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:২১ এএম

সিডনি টেস্টের প্রথম দিনের শেষ বলে সেøজিংয়ের প্রত্যুত্তরে উসমান খাজার উইকেট তুলে যে হুংকার জাসপ্রিত বুমরা দিয়েছিলেন সেই ধারা বজায় রেখে গতকাল দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বাকি ৯ উইকেটও তুলে নেয় ভারত। ১৮১ রানে গুটিয়ে যাওয়ার পরও ছেড়ে কথা বলার পাত্র নন অজিরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের সমপরিমাণ চাপে রাখেন বোল্যান্ডরাও। তাতে ৬ উইকেট খুইয়ে দিনশেষে ১৪১ রান তুলতে পেরেছে ভারত। বুমরার হাসপাতাল যাওয়া, অফের বাইরের বলে কোহলির আত্মাহুতি ছাপিয়ে সিডনিতে নজর কেড়েছে ঝড়ো মেজাজে ফিরে যাওয়া রিশভ পান্তের ব্যাটিং আর স্কট বোল্যান্ডের চার উইকেটপ্রাপ্তি।

সেশনে সেশনে রূপ বদলানো সিডনি টেস্টে ঘটছে একের পর এক নাটকীয় মোড়। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান তুলেও লিড নিতে সক্ষম হয় ভারত। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস তারা ১৮১ রানে গুটিয়ে দেয়। ভারতের পেস আক্রমণের সামনে নাকানি চুবানি খেয়েছে অজিরা। অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি তুলে নিয়ে ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছেন বেউ ওয়েবস্টার। আর কেউ চল্লিশের ঘরেও যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান স্টিভেন স্মিথের। ৩টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া চোট পেয়ে মাঠ ছাড়া অধিনায়ক বুমরা এবং নিতিশ রেড্ডি দুটি করে উইকেট নিয়েছেন। চা বিরতির সময় স্ক্যানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। শনিবার দিনের খেলা শেষে প্রসিদ্ধ কৃষ্ণা জানান, ‘পিঠের পেশিতে চোট পেয়েছেন বুমরা। চিকিৎসকরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। দেখা যাক কী হয়।’ অজি কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘বুমরা এই সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তিনি বল না করতে পারলে আমরা কিছুটা এগিয়ে থাকব। তবে আমার মনে হয় ভারতের হাতে বিকল্প পরিকল্পনা রয়েছে।’

শেষ সেশনে ৪ রানের লিড নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা কিন্তু মন্দ হয়নি। যশস্বী জয়সওয়াল প্রথম ওভারেই মিচেল স্টার্কের বল চারবার সীমানাছাড়া করেন। তার সঙ্গে লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি ভারতকে এনে দেয় ৪২ রান। স্কট বোল্যান্ডের বলে রাহুল ১৩ রানে বোল্ড হতেই শুরু হয় উইকেট পতনের ধারা। ভারতের ৬ উইকেটের ৪টিই নিয়েছেন এই পেসার। বাকি দুটি ভাগাভাগি করেছেন প্যাট কামিন্স আর ওয়েবস্টার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৮১ (ওয়েবস্টার ৫৭, স্মিথ ৩৩, কনস্টাস ২৩; কৃষ্ণা ৩/৪২, সিরাজ ৩/৫১)

ভারত ১৮৫ ও ২য় ইনিংস : ১৪১/৬ (পান্ত ৬১, যশস্বী ২২, শুবমান ১৩; বোল্যান্ড ৪/৪২, ওয়েবস্টার ১/২৪)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত