ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় শেখ ফরিদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলার কানহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ফরিদুলের মেয়ে সেলিনা আক্তার আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
জানা যায়, ফরিদুল তার মেয়ে সেলিনা আক্তারকে গার্মেন্টের গাড়িতে তুলে দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান ফরিদুল। গুরুতর আহত হন সেলিনা আক্তার। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
এদিকে ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপের চাপায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
ঠাকুরগাঁওয়ে নিহত ৩ : ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় মারা গেছেন মামুনুর রশিদ (৩৫) এবং পীরগঞ্জ উপজেলায় মুক্তারুল ইসলাম (৬৫) ও তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮)।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের সালন্দর মানবকল্যাণ পাড়ায় একটি পিকআপ ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল পথচারী মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গতকাল সকালে চাচা মুক্তারুলের মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীতে পিকআপ চাপায় শ্রমিক নিহত : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছবোঝাই পিকআপের চাপায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মাহবুব জানান, ইউসুফ প্রতিদিনের মতো বাইসাইকেল যোগে বাসা থেকে পৌর শহরের দিকে রওনা হন। এরপর ঘটনাস্থল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু পার হয়ে পৌরশহরের দিকে যাচ্ছিলেন। এমন সময় মহিপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী একটি মাছভর্তি পিকআপ দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতাল ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল (শেবাচিমে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
