গাজীপুরের জয়দেবপুরে আটক আওয়ামী লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি করে ছাড়িয়ে নিতে থানায় ভিড় করেছেন জামায়াতের নেতাকর্মীরা। গত শুক্রবার রাত ৮টার পর জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন তারা। এরপর থানা হেফাজত থেকে মুক্তি দিতে দাবি জানান। আটক ওই ব্যক্তির নাম শফিকুল সিকদার (৩৮)। তিনি সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা যায়, গাজীপুরের জয়দেবপুর থানা-পুলিশ মামলা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শফিকুল সিকদারকে আটক করে শুক্রবার সন্ধ্যায় থানায় নিয়ে আসে পুলিশ। এ খবর পেয়ে জামায়াতের বেশ কিছু নেতাকর্মী আটক ব্যক্তিকে নিজেদের দলের কর্মী দাবি করে ছাড়াতে থানায় ভিড় করেন।
জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম বলেন, মামলা-সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল সিকদারকে থানায় আনা হয়। পরে তাকে নিজেদের কর্মী দাবি করে কথা বলার জন্য গাজীপুর সদর জামায়াতের কিছু নেতা থানায় আসেন।
ওসি আরও বলেন, তারা দাবি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমার ছেড়ে দেওয়ায় সুযোগ নেই। তাকে একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে। শনিবার তাকে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আটক শফিকুল সিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন।’
জানা যায়, ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও তিন যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এবং অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আটক শফিকুল সিকদারের নাম রয়েছে।
