৩৬ ঘণ্টায়ও উদ্ধার হয়নি ব্যবসায়ী শিবু বনিক, উদ্ধারের দাবিতে ধর্মঘট

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

পটুয়াখালীর বাউফলে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিককে অপহরণের ৩৬ ঘণ্টা পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই উদ্ধারের তৎপরতা বাড়ানোর দাবিতে গতকাল শনিবার সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন করছে কালাইয়া বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ী।

আজ রবিবার দ্বিতীয় দিনের মতো দোকানপাট বন্ধ রেখে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। বন্ধ রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কার্গো জাহাজের পণ্য খালাস কার্যক্রম। সকাল থেকে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে সাত লাখ টাকা লুট এবং ওই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। শিবু বণিক কয়েকটি বড় কোম্পানির পণ্যের পরিবেশক। এছাড়া চাল, ডাল ও আটাসহ বিভিন্ন পণ্যের পাইকারি বিক্রেতা তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘শিবু বনিককে উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। দোকানপাট খোলার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত