ফ্লপের পর টানা কয়েক মাস বিরতিতে ছিলেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। এরপর গেল বছরের শেষ দিকে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসিক’ দিয়ে রীতিমতো আলোচনায় চলে আসেন। এই আইটেম গান তাকে দক্ষিণের পাশাপাশি উত্তর ভারতেও জনপ্রিয়তা কুড়াতে সাহায্য করে।
আর তার দরুণ নতুন বছরের শুরুতেই সুখবর। এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে এই সুন্দরীর। খবর, করণ জোহরের সিনেমায় অভিনয় করতে চলেছেন শ্রীলীলা। আর তার বিপরীতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
এ বিষয়ে কার্তিক আরিয়ান জানিয়েছেন, পর্দায় শ্রীলীলাকে দেখতে দারুণ লাগে। এর বাইরে তেমন কিছু জানান নি।
সূত্রের খবর, এ মুহূর্তে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা চলছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। শিগগিরই আসবে অফিশিয়ালি ঘোষণা।
জানা গেছে, কার্তিক এবং শ্রীলীলাকে দেখা যাবে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায়। ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন সমীর বিদওয়ানস। এর আগে ‘দোস্তানা ২’ নিয়ে পরিচালক করণ জোহরের সঙ্গে কিছু সমস্যা হয়েছিল কার্তিক আরিয়ানের। বহু দিন ধরে ছবির প্রস্তুতি চললেও হঠাৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা।
সেই ঘটনার পর ফের একসঙ্গে করণ ও কার্তিক। তাই ইতিমধ্যে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার দেখার বিষয় এ ছবিতেই কার্তিকের বিপরীতে ‘কিসিক’কন্যা শ্রীলীলাকে দেখা যাবে কি না।
রোজার সংগ্রামী জীবনের গল্প