লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যকার প্রিমিয়ার লিগ ম্যাচটি আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তুষারপাত ও বিরূপ আবহাওয়ার কারণে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মার্সিসাইড ও উত্তর-পশ্চিম ইংল্যান্ডে শনিবার রাতভর ভারী তুষারপাত হয়েছে। লিভারপুল সিটি কাউন্সিলের নিরাপত্তা পরামর্শদাতা দল ইতোমধ্যে একটি বৈঠক করে ম্যাচের বিষয়ে আলোচনা করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।
যদিও লিভারপুল তাদের এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, 'আজকের ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। আবহাওয়া ও যাতায়াতের সর্বশেষ পরিস্থিতি দুপুরের বৈঠকে মূল্যায়ন করা হবে। সমর্থকদের নিরাপত্তার দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।'
ব্রিটিশ আবহাওয়া দপ্তর উত্তর-পশ্চিম ইংল্যান্ডে রবিবার রাত পর্যন্ত তুষার ও বরফের জন্য অ্যাম্বার সতর্কতা জারি করেছে। গত মাসেও একই কারণে লিভারপুল ও এভারটনের ম্যাচ স্থগিত করা হয়েছিল।
ইতিমধ্যে কয়েকটি খেলা স্থগিত
চেস্টারফিল্ড বনাম জিলিংহাম, ফ্লিটউড বনাম এএফসি উইম্বলডন এবং উইমেনস এফএ কাপের নটিংহ্যাম ফরেস্ট বনাম বার্নলির ম্যাচ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তবে লন্ডনে আবহাওয়া তুলনামূলক অনুকূলে থাকায় ফুলহাম বনাম ইপসউইচ ম্যাচ যথাসময়ে অনুষ্ঠিত হবে।
শুধু ফুটবল নয়, ঘোড় দৌড় প্রতিযোগিতায়ও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এই তুষারপাত। চেপস্টো রেসিং ছাড়া বাকি সব রেস বাতিল করা হয়েছে। সাসেক্সের প্লাম্পটন রেসকোর্সে সকাল ৮:৩০টায় ইতিবাচক ইঙ্গিত দিলেও, খারাপ আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।
