শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে শ্রীলঙ্কায় চার ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে ইয়াং টাইগ্রেসরা।

রবিবার থার্স্টনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২০ রানের মধ্যেই হারায় ৪ উইকেট।

ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক সুমাইয়া, যিনি ৩৪ বলে ২৯ রান করেন। শেষদিকে জান্নাতুল মাওয়ার ৩৫ বলে ৩৪ রানের ইনিংসে বাংলাদেশ একশ পার করে। কিন্তু ১৯.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে দারুণ করেন রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারা এবং লিম্মে থিলকারাত্নে, যারা প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

১১০ রানের সহজ লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কার মেয়েরা। দলের হয়ে অপরাজিত ৩০ বলে ২৯ রান করেন ভিমুস্কা বালাসুরিয়া।

প্রথম ম্যাচে হারের পর আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রস্তুতি পর্ব সফল করতে সিরিজের বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করাই এখন প্রধান লক্ষ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত