বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকার হয়ে খেলার সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটারকে নিয়ে বড় আশা থাকলেও নিজেদের প্রথম তিন ম্যাচে একবারও মাঠে নামায়নি ঢাকা ক্যাপিটালস। অবশেষে শৃঙ্খলা ভঙ্গের কারণেই তাকে বসিয়ে রাখার বিষয়টি খোলাসা করেছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।
সাব্বিরকে নিয়ে দলের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে বছরের প্রথম দিন অনুশীলনে না আসায় খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচেও তাকে দলে রাখা হয়নি।
এ বিষয়ে সুজন বলেন, '১ তারিখের অনুশীলনে সে অনুপস্থিত ছিল। ম্যানেজার বা কোচ কাউকে না জানিয়েই অনুশীলনে আসেনি। এটি পুরোপুরি শৃঙ্খলাজনিত কারণ। আমরা চাই, সিনিয়র ক্রিকেটার হিসেবে সে সঠিক বার্তা দিক।'
দুই বছর ধরে জাতীয় দলে জায়গা না পাওয়া সাব্বির সর্বশেষ স্বীকৃত ক্রিকেট খেলেছিলেন গত বছরের মে মাসে। লঙ্কা সুপার টি-টেন ও জিম-আফ্রো টি-টেনে অংশ নিলেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে ব্যর্থ হন তিনি।
সাব্বিরকে নিয়ে সুজন আরও বলেন, 'ভুলটি সে বুঝতে পেরেছে। আমার বিশ্বাস, আগামী ম্যাচগুলোতে সে নিজের সেরাটা দেবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। আমাদের মিডল অর্ডারে তার অভিজ্ঞতা খুব প্রয়োজন।'
ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বিরের নতুন শুরু কেমন হবে, সেটি দেখার অপেক্ষায় ভক্তরা।
