চব্বিশের গণঅভ্যুত্থানের সময় চলাকালে মাগুরায় নিহত শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজখবর নিতে তার পরিবারের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (৬ জানুয়ারি) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ-খবর ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।
এদিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেন। শহীদ রাব্বির স্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আক্তার হোসেন, যুগ্ম-আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম।
