সাবেক ওসি নেজামকে হেনস্তার অভিযোগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম

চট্টগ্রামে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনকে হেনস্তার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমদ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে দেশ রূপান্তরকে তিনি এ কথা বলেন।

এর আগে বিকালে বিএনপির একদল কর্মীর হাতে লাঞ্চিত হওয়া নেজামকে হেফাজতে নেয় পুলিশ। তিনি গত ১৫ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিন দুপুরে আড়াইটার দিকে পাঁচলাইশ পাসপোর্ট অফিসের এলে নির্যাতনের অভিযোগ তুলে নেজামকে হেনস্থা করেন বিএনপির একদল নেতাকর্মী। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়। এ ঘটনা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। মারধরে আহত নেজামকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সন্ধ্যা ৭টার দিকে জানিয়েছেন সিএমপির উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।

এর আগে পুলিশ কর্মকর্তা নেজামকে হেফাজতে নিলে বিকাল ৪টার দিকে পাঁচলাইশ থানা ভবন ঘেরাও করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগান দিতে থাকেন। নেজামের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।

নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালী ও বাকলিয়া থানার ওসি ছিলেন। ওই সময় তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেপ্তার করেছেন। চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি। তার বিরুদ্ধে মামলা আছে। তাকে গ্রেপ্তার করতে হবে।’

ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক দলের এক কর্মী মোবাইলে সাবেক ওসি নেজামকে হেনস্থা করার ভিডিও ধারণ করছিলেন। এ সময় তিনি বলেন, ‘বিগত ১৫ বছর জনতার মেয়র ডা. শাহাদাতসহ বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগের দোসর নেজামের নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাকে পাসপোর্ট অফিসের সামনে থেকে ধরেছি। আপনারা যে যেখানে আছেন সবাই পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে চলে আসেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত