খালেদা জিয়াকে নিতে ঢাকায় কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে নিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হক চৌধুরী।

বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ জানান, খালেদা জিয়া এবং তার চিকিৎসক দলের ছয় সদস্যসহ ১০ জনের একটি দল মঙ্গলবার রাত ১০টায় দোহা হয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত