চাঁদার জন্য মাদ্রাসার মাটি নেওয়া আটকে দিলেন বিএনপি নেতা!

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পারভেজ হোসেন চৌধুরী নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদার জন্য মাদ্রাসার মাটি নেওয়া আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। শুয়াইব আহমদ আশ্রাফী নামে এক ইসলামী বক্তা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন।

অভিযুক্ত বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরী উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান।

জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শুয়াইব আহমদ আশ্রাফী ফেসবুক লাইভে দাবি করেন— আমার মাদ্রাসা নির্মাণের জন্য আমি মাটি নিয়ে যাচ্ছি। এই মাটিতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা পারভেজ চৌধুরী তার লোকজন দিয়ে চাঁদাবাজি করছে। চাঁদা না দেওয়ায় গাড়ি থামিয়ে রেখেছে। দেশবাসী দেখুন। এই অন্যায়ের বিচার করুন। আগেও তার মাধ্যমে এভাবে চাঁদাবাজির শিকার হয়েছি। তিনি ফেসবুক লাইভে দেশবাসী সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

অভিযুক্ত বিএনপি নেতা পারভেজ হোসেন চৌধুরীর বলেন, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না। এছাড়া সম্পদপুর মৌজায় আমার বালুর লিজ রয়েছে। ফসলি জমি থেকে মাটিকাটা আইনসঙ্গত নয়। এরপরেও বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

সংশ্লিষ্ট এলাকার ভূমি অফিসের তহসিলদার সোহেল মিয়া জানান, সম্পদপুর মৌজায় সরকারি নদীতে লিজ রয়েছে। মাটি কাটার উপর কোনো লিজ নেই। ইউপি চেয়ারম্যান বা তার লোকজনের এটি আটকানোর এখতিয়ারও রাখেন না।

শুয়াইব আহমদ আশ্রাফী জানান, ঘটনাটি নিয়ে আমি উপজেলা ইউএনও অফিসে এসেছি। যে দলেরই হোক না কেন অন্যায়ের প্রতিবাদ করতে আমি ভয় পাই না।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম জানান, আশ্রাফী সাহেব আমার কাছে এসেছিলেন। আগামীকাল বিষয়টি নিয়ে দুইপক্ষের সঙ্গে বসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত