কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ট্রেলার প্রকাশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

কঙ্গনা রানাউত অভিনীত এবং পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’ অবশেষে মুক্তি পেতে চলেছে আগামী ১৭ জানুয়ারি। সোমবার (৬ জানুয়ারি) সিনেমাটির ১ মিনিট ৫০ সেকেন্ডের দ্বিতীয় ট্রেলার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ট্রেলারে কঙ্গনার ইন্দিরা গান্ধী রূপ এবং অভিব্যক্তি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কঙ্গনার কণ্ঠস্বর এবং শরীরী ভাষা পুরোপুরি ইন্দিরা গান্ধীর চরিত্রে মিশে গিয়েছে। সিনেমাটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার সময়কার অজানা ঘটনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে।

ট্রেলারের এক জায়গায় কঙ্গনা বলেন, ‘ম্যায় হি ক্যাবিনেট হু’, ‘ইন্ডিয়া ইজ ইন্দিরা, অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া’ যা ইন্দিরা গান্ধীর সময়কার এক শক্তিশালী বার্তা। এটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র মেলেনি। অনেক চ্যালেঞ্জের পর সিনেমাটি অবশেষে সেন্সর বোর্ড থেকে ১৩টি সংশোধনীর পর মুক্তির অনুমতি পেয়েছে। সিনেমার কাহিনি শুধু একটি বিতর্কিত নেত্রীকে নিয়ে নয়, বরং আজকের সমাজে প্রাসঙ্গিক নানা বিষয় তুলে ধরবে।

‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনার সঙ্গে রয়েছেন অনুপম খের, যিনি জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেছেন। শ্রেয়াস, রয়েছেন অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায়। মিলিন্দ সোমান, স্যাম মানেকশ’র চরিত্রে এবং মহিমা চৌধুরী, পুপুর জয়করের ভূমিকায় রয়েছেন। এছাড়াও, প্রয়াত সতীশ কৌশিক, জগজীবন রামের চরিত্রে শেষবারের মতো পর্দায় উপস্থিত হয়েছেন।

কঙ্গনা এই ছবি সম্পর্কে বলেছেন, ‘অনেক কঠিন পথ পেরিয়ে অবশেষে ইমার্জেন্সি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এই গল্প শুধুমাত্র একটি বিতর্কিত নেত্রীকে নিয়ে নয়, এটি এমন কিছু বিষয় নিয়ে কথা বলে যা আজও প্রাসঙ্গিক।’

রিপাবলিক ডে’র এক সপ্তাহ আগে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি ভারতের সংবিধানের দৃঢ়তা এবং দেশপ্রেমের মর্মার্থকে নতুন করে ভাবতে বাধ্য করবে দর্শকদের। বলিউডের ‘কুইন’ এই সিনেমা দ্বারা বক্স অফিসে বিপুল সাড়া ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত