মেট্রো সেবা ভ্যাটমুক্ত

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপনীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট মওকুফে অপারগতা প্রকাশ করে গেল অর্থবছর অর্থাৎ বছরের ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর। তখন এনবিআরের ভ্যাট বিভাগ এক আদেশ জারির মাধ্যমে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত