রশিদ জাদুতে আফগানদের সিরিজ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ এএম

বুলাওয়ে টেস্টের তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল আফগানিস্তান। পথের কাঁটা ছিল স্রেফ দুটি উইকেট। জয়ের পথে বাধা হিসেবে ক্রিজে ছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ এরভিন। তবে তিনি কোনো প্রতিরোধ গড়তে পারেননি। কাক্সিক্ষত জয় পেতে মাত্র ১৫ বল অপেক্ষা করতে হয় আফগানদের। ৭২ রানে ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিয়েছেন রশিদ-শাহিদিরা।

২৭৮ রানের লক্ষ্যে নেমে আগের দিন ৮ উইকেটে ২০৫ রান তোলে জিম্বাবুয়ে। গতকাল টেস্টের পঞ্চম দিনে আর কোনো রান যোগ না করেই গুটিয়ে যান তারা। জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দেওয়ার পথে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে টেস্টে ক্যারিয়ারসেরা নৈপুণ্য দেখান রশিদ খান। প্রথম ইনিংসে ৯৪ রানে তিনি পেয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকানো রহমত শাহ সিরিজে সবচেয়ে বেশি (৩৯২) রান করে হয়েছেন সিরিজসেরা। চার বছর পর সাদা পোশাক গায়ে জড়িয়ে রশিদ নিজের স্পিন জাদুতে ঘায়েল করেছেন জিম্বাবুয়েকে। এ নিয়ে ৬ টেস্টের ক্যারিয়ারেই তিনবার ম্যাচে ১০ উইকেট পাওয়া রশিদের উইকেট সংখ্যা দাঁড়াল ৪৫টি। ছুঁয়েছেন ভারনন ফিল্যান্ডারকে। ক্যারিয়ারের প্রথম ছয় টেস্ট শেষে রশিদের ওপরে আছেন শুধু ১৯ শতকের অস্ট্রেলিয়ার বোলার চার্লি টার্নার। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন তিনি।

প্রথম ইনিংসে আফগানিস্তান করেছিল ১৫৭ রান। জবাবে ২৪৩ রান বোর্ডে তুলে ৮৬ রানের লিড নিয়ে চালকের আসনে চলে গিয়েছিল জিম্বাবুয়ে। সেই জায়গা থেকে রহমত শাহ ও ইসমত আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান, করে ৩৬৩ রান। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকান ইসমত। ২৭৮ রানের লক্ষ্যে নেমে ২০৫-এই শেষ জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫৩ রান আসে এরভিনের ব্যাট থেকে। বুলাওয়েতে সিরিজের প্রথম বক্সিং ডে টেস্টটি হয়েছিল ড্র। ফলে দুই ম্যাচের সিরিজ ১-০-তে জিতল আফগানিস্তান। এই সিরিজে দুই টেস্টে আফগানিস্তানের ৬ ক্রিকেটারের অভিষেক হয়। প্রথম টেস্টে জিম্বাবুয়ের ৩ ক্রিকেটারের মাথায় উঠেছিল টেস্ট ক্যাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত