গজারিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ কোর্ট চত্বর থেকে তাকে আটক করা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেশ কিছুদিন যাবত তিনি এলাকাতে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অন্য কোনো রাজনৈতিক মামলা ছিল না। মঙ্গলবার ব্যক্তিগত মামলায় হাজিরা দিতে মুন্সীগঞ্জ সদরে গেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এর স্ত্রী নুরুন্নাহার রুনি বলেন, একজন মানুষকে আর কত হয়রানি করা যায়। একটা মিথ্যা হত্যা মামলায় তিনি জামিনে ছিলেন, আজও আরেকটা মামলায় হাজিরা দিলেন কিন্তু সেই মানুষ টাকে আবার আরও একটা মিথ্যা হত্যা মামলায় জড়ালেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, তিনি একটি হত্যা মামলার এজহার নামীয় আসামি। ওই মামলায় তিনি জামিনে আছেন তবে আরো বেশ কয়েকটি ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ সদরে শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত