যুক্তরাষ্ট্রের বেশিরভাগ উপকূলীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে তিনি নতুন নতুন জ¦ালানি ক্ষেত্র অনুসন্ধানে উৎসাহ জোগানোর যে প্রতিশ্রুতি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তাতে পানি ঢাললেন। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা গ্রহণের মাত্র দুই সপ্তাহ আগে বাইডেনের আরোপ করা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা নতুন ট্রাম্প প্রশাসনের জন্য কঠিন হতে পারে।
বিবিসি বলছে, ১৯৫৩ সালের ‘আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট’ এর আওতায় বাইডেন তেল ও গ্যাস উত্তোলন নিষিদ্ধ করেছেন। এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি এক বিবৃতিতে বলেছেন, এ উপকূল খনন করে তেল ও গ্যাস উত্তোলন করলে আমাদের প্রিয় জায়গাগুলোর অপূরণীয় ক্ষতি হবে। আর আমাদের দেশের জ¦ালানির চাহিদা মেটাতেও এখন নতুন করে তেল গ্যাস উত্তোলন করা অপ্রয়োজনীয়।
তিনি বলেন, যেহেতু জলবায়ু সংকট দেশ জুড়ে হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই এখন আমাদের সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই উপকূলগুলো রক্ষা করা প্রয়োজন। বিবিসি লিখেছে, বাইডেন পুরো আটলান্টিক উপকূল এবং পূর্ব মেক্সিকো উপসাগরের পাশাপাশি ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূল এবং আলাস্কার বেরিং সাগরের একটি অংশ জুড়ে তেল-গ্যাস উত্তোলনে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিবিসি বলছে, গত বছর ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার আগে ট্রাম্প তার প্রচারণায় গ্যাসের দাম কমানোর জন্য দেশীয় জীবাশ্ম জ¦ালানি উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরই তিনি বাইডেনের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন নীতি পাল্টানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বাইডেন নতুন যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ফলে রিপাবলিকানদের পক্ষে এটি বাতিল করা কঠিন হতে পারে।
