নব্বইয়ের দশকে অভিনয় ও নাচ দিয়ে বলিউডে আলোড়ন সৃষ্টি করেছিলেন রাভিনা ট্যান্ডন। এবার সেই পথেই হাঁটতে চলেছে তার মেয়ে রাশা থাদানি। বলিউডে আত্মপ্রকাশের জন্য ইতিমধ্যেই প্রস্তুত ১৯ বছর বয়সী এই স্টার কিড। দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় রাশা। এবার বড় পর্দায় আসছে তার প্রথম সিনেমা ‘আজাদ’।
অভিষেক কাপুর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি। সিনেমাটিতে রাশাকে দেখা যাবে অজয় দেবগনের সঙ্গে।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির গান ‘উই আম্মা’। গান ভিডিওতে নবাগতা ‘রাশা থাদানি’র দুর্দান্ত নাচে মেতেছেন দর্শকরা। যেকোনো পার্টি বা উৎসবের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে সক্ষম এই গানটি। গানটির সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদি এবং এতে কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী। কোরিওগ্রাফি করেছেন বস্কো লেসলি মারটিস, যেখানে ঐতিহ্যগত ও আধুনিক শৈলীর মিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে। রাশা থাদানি তার অসাধারণ নৃত্যকৌশলে দর্শকদের মুগ্ধ করেছেন, যেখানে তার নাচের দক্ষতা ও অভিব্যক্তি দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘তার মধ্যে মা রাভিনা ট্যান্ডনের নাচের ক্ষমতা রয়েছে।’ আবার কেউ কেউ রাশাকে ক্যাটরিনা কাইফের নতুন সংস্করণ হিসেবে তুলনা করছেন। ‘আজাদ’ সিনেমার গল্প ভারতের পূর্ব-স্বাধীনতা যুগের। যা অত্যাচারী ব্রিটিশ সেনাবাহিনী থেকে মুক্তির জন্য এক সাহসী লড়াইয়ের প্রতীক। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আমান দেবগন, ডায়ানা পেন্টি প্রমুখ। উল্লেখ্য, রাশা থাদানির জন্ম ২০০৫ সালের ১৬ মার্চ মুম্বাইতে। রাভিনা কন্যার আসল নাম রাশা নয়। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল রাশাবিশাখা। ‘রাশা’ শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোঁটা এবং ‘বিশাখা’ শব্দের অর্থ শিব। অন্যান্য স্টারকিডদের থেকে রাশা অনেকটাই আলাদা। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারে রাশা। পাশাপাশি গানও গাইতে পারে। সংগীত এবং থিয়েটারের প্রতি তার এই ভালোবাসার সম্পূর্ণ কৃতিত্ব রাশার মায়ের। সংগীতের পাশাপাশি মার্শাল আর্টসেও দক্ষ রাশা। তাইকোয়ান্দোতেও ব্ল্যাক বেল্ট রয়েছে তার। মার্শাল আর্টস শেখার পরে আলাদাভাবে ‘বক্সিং’ শেখাও শুরু করেছিলেন এই নবাগতা। অভিনয়ে পদার্পণের আগে রাশা এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন।
অনলাইন অবলম্বনে মুমতাহিনা মেহনাজ অনিভা
