আগামী রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত কোনো পণ্যের শুল্কে সরকার পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ মার্চ মুসলিম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হতে পারে।
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এরই মধ্যে ছোলা, ডাল, খেজুর আমদানি করা হয়েছে। সয়াবিন তেলও কিছুটা সহনীয় হয়ে এসেছে। যদি দরকার হয় আমরা আবার সয়াবিন তেলের বিষয়ে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে। শুধু ভোক্তা সংরক্ষণ আইন দিয়ে হবে না।
চালের দাম বাড়ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, একটি স্পেসিফিক আইটেম চালের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। অন্যগুলোর ওভারঅল খুব বেশি বেড়েছে, তা নয়। সাপ্লাই চেইনের কারণে এটা (চালের দাম বৃদ্ধি) হয়েছে। আমরা দেখছি, যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল তখন আমি সঙ্গে সঙ্গেই খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি। তিনি আরও বলেন, এখন ২০০ টাকার পেঁয়াজ ৪০ টাকায় নেমে এসেছে। আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায় আবার নেমে যায়। পৃথিবীর উন্নত দেশগুলোতে দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল থাকে।
নতুন করে আবার পেঁয়াজ আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে কি নাÑ জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা রমজান শেষ হওয়ার আগে আর কোনো ডিউটি কাঠামো পরিবর্তন করব না। মেসেজ দেওয়া হয়েছে, রমজান শেষ হওয়া পর্যন্ত আমরা শুল্কে কোনো পরিবর্তন আনব না।
