ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল) ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদের (জয়) ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন কি নাÑ তা খতিয়ে দেখতে এই সাতজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য টিউলিপ বর্তমানে একজন কনিষ্ঠ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
