বাংলাদেশ হেলথ ওয়াচ 

এইচএমপিভি ভাইরাস নিয়ে এখনই সতর্কতা প্রয়োজন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

চীন ও ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে এইচএমপিভি (হিউম্যান  মেটাপনিউমোভাইরাস)-এর প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ (বিএইচডব্লিউ)। সংগঠনটি বলেছে, এইচএমপিভি ভাইরাস নিয়ে এখনই সতর্কতা প্রয়োজন। 

গতকাল বুধবার সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে এইচএমপিভি ভাইরাসের ওপর নজরদারি জোরদার করতে, রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে এবং ভাইরাস বাংলাদেশে প্রবেশের আগে চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে আহ্বান জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ভাইরাসটি একটি শ্বাসতন্ত্রজনিত ভাইরাস, যা বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এইচএমপিভির (HMPV) উপসর্গগুলো অনেকটাও কোভিডের মত। এই রোগ হলে হালকা ঠাণ্ডার মতো উপসর্গ থেকে শুরু করে মারাত্মক অসুস্থতা, যেমন নিউমোনিয়া এবং ব্রংকাইটিসও হতে পারে। 

এইচএমপিভি সাধারণত: আক্রান্ত মানুষের হাঁচি বা কাঁশি থেকে ছড়ায়। এছাড়া স্পর্শ বা করমর্দনের মত সংস্পর্শে এইচএমপিভি ছড়াতে পারে। এছাড়া আমেরিকার 'সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল' সিডিসি বলছে, এইচএমপিভি রয়েছে এমন বস্তু বা স্থান স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাঁশির ড্রপলেট লেগে থাকা স্থান যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত চোখে, নাকে বা মুখে ছোঁয়ালে এইচএমপিভি ছড়াতে পারে।

করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। 

যেমন: 

১. বাইরে গেলেই মাস্ক পরা

২. ২০ সেকেন্ড ধরে সাবান-পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া ও হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা।

৩. আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। জন সমাগমস্থল এড়িয়ে চলা।

৪. হাঁচি কাশি দেয়ার সময় মুখ টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখবন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানিতে ধুয়ে ফেলা।

৫. যদি টিস্যু না থাকে তাহলে কনুই ভাঁজ করে সেখানে মুখ গুঁজে হাঁচি দেওয়া।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া। পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করা।

৭. সর্দিকাশি, জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত