বৃহত্তর ইসরায়েলে ৪ আরব দেশ, প্রতিবাদে নেই সিরিয়া-লেবানন!

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম

মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশকে অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর ইসরায়েলের’ মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব। নতুন মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে। আরব নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ওই মানচিত্র ছড়িয়ে পড়ে। এই মানচিত্র প্রকাশের পরই প্রতিবাদের ঝড় তুলেছে ফিলিস্তিন, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলো।

অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে ওই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েলের দখল নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে ‘উসকানিমূলক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। তারা বলছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্ব দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না।

সেইসঙ্গে ইসরায়েল সরকারকে অবিলম্বে এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তব্য-বিবৃতি বন্ধ করতে বলেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ওই মানচিত্রের নিন্দা জানিয়ে এমন দাবি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

রিয়াদ বলছে, এই ধরনের চরমপন্থি দাবি ইসরায়েলের উদ্দেশ্য প্রকাশ করে, যা তাদের দখলদারি সুসংহত করতে, রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের ওপর প্রকাশ্য আক্রমণ চালিয়ে যেতে এবং আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করতে চায়। তবে এ বিষয়ে এখনও সিরিয়া ও লেবাননের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত