শেষ ওভারে টানা ছয় বলে বাউন্ডারি মেরে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সকে জিতিয়েছেন নুরুল হাসান। তবে শেষ ওভারের আগেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে নাটকীয়তা কম হয়নি। ১৯তম ওভারে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন রংপুরের শেখ মেহেদী হাসান।
তবে যে অপরাধে মেহেদী আউট হয়েছেন, ফিল্ডিংয়ে বাধা দেওয়া সেই কাণ্ডটি ঘটিয়েছেন নুরুল হাসান সোহান। জাহানদাদ খানের বলে ক্যাচ তুলেছিলেন মেহেদী। কিন্তু বরিশাল পেসার সেটি ধরতে গেলে সোহানের বাধায় পারেননি। সোহান রানের জন্য নন স্ট্রাইক থেকে সামনের দিকে দৌড়াচ্ছিলেন। পরে আম্পায়াররা মেহেদীকে আউট দিলে তিনি মাঠ ছাড়েন। কারও কারও কৌতূহল, ফিল্ডিংয়ে (এ ক্ষেত্রে ক্যাচ) বাধা দিয়েছেন তো সোহান। আউট কেনো মেহেদী হলেন?
মাঠের দুই আম্পায়ার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ যাচাইয়ের জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য চাইলে দায়িত্বে থাকা তানভীর আহমেদ জানান, জাহানদাদ ক্যাচ ধরার সময় বাধা দিয়েছেন সোহান। ব্যাটসম্যানদের মধ্যে সংশয় দেখা দিলেও আসলে নিয়মানুযায়ী মেহেদীরই মাঠ ছেড়ে যাওয়ার কথা। এমসিসি আইনের ৩৭.৩ ধারায় ক্যাচের ক্ষেত্রে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ সম্পর্কে বলা আছে। সেখানে লেখা, ‘যদি ডেলিভারি ‘‘নো’’ না হয়ে থাকে, তাহলে যে ব্যাটসম্যানই ক্যাচে বাধা দিক না কেন, আউট হবেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান।’
মেহেদী আউট হওয়াতে আখেরে সুবিধা হয়েছে রংপুরের। মাথা ঠান্ডা রেখে তিন ছক্কা আর তিন বাউন্ডারি হাকিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি।
শেষ ওভারে সোহানের ৬ ৪ ৪ ৬ ৪ ৬, রংপুরের ছক্কা