পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালানো সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।  শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, টয়লেটে যাওয়ার কথা বলে উত্তরা পূর্ব থানা থেকে গতকাল পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। ছাত্র আন্দোলনে হত্যা মামলায় তাকে বুধবার (৮ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা থেকে আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে যান।

পলাতক শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। এর আগে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে তার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। বুধবার বিকালে কুষ্টিয়া থেকে তাকে গ্রেপ্তার করে রাত সোয়া ১২টার দিকে থানায় নিয়ে আসে উত্তরা পূর্ব থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমপি পুলিশের একটি দল বুধবার বিকালে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। সেই অভিযানে ছিলেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন শরীফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) আ. জব্বার, কনস্টেবল বিল্লাল ও সোহেল। কুষ্টিয়া থেকে বুধবার মধ্যরাতে তাকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। সেখান থেকেই তিনি পালিয়ে যান। 

 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত