গাজীপুর জেলা কারাগারে শ্রমিকলীগ নেতার মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

গাজীপুর জেলা কারাগারে বন্দি শেখ জহিরুল ইসলাম নামে এক শ্রমিকলীগ নেতা মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে।  তিনি শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রমিকলীগ নেতা শেখ জহিরুল ইসলাম  গত ৯ আগস্ট শ্রীপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় গত ৫ ডিসেম্বর গ্রেপ্তার হয়ে ওই কারাগারে বন্দি ছিলেন।

গাজীপুর জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, তিনি ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যাথা অনুভব করেন। তার অসুস্থতার কথা আমাদের জানালে তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই জহিরের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে শেখ জহির আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। আমরা ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত