চীনের উত্তর-পশ্চিমের একটি শহরে এক কিশোরের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যাচাই করে বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। ভিডিওতে দেখা গেছে, শানসি প্রদেশের পুচেং শহরে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুড়ে মারছে। এ সময় কর্মকর্তাদের কয়েকজন বিক্ষোভকারীকে মারধর করতেও দেখা যায়।
কর্র্তৃপক্ষ জানিয়েছে, ওই শিক্ষার্থী গত ২ জানুয়ারি তার স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা গেছে। তবে তার মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে। এর পরপরই বিক্ষোভ শুরু হয়। বেশ কয়েক দিন ধরে চলে এই বিক্ষোভ। তবে এই সপ্তাহের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে। কারণ বিবিসি এরপর থেকে পুচেংয়ে আর কোনো বিক্ষোভের প্রমাণ পায়নি।
চীনের জন্য প্রকাশ্যে বিক্ষোভ নতুন কিছু নয়। তবে ২০২২ সালে কভিড নীতির বিরুদ্ধে হওয়া ‘হোয়াইট পেপার’ বিক্ষোভের পর থেকে কর্র্তৃপক্ষ এ ধরনের বিক্ষোভের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। কারণ চীনে শি জিনপিংয়ের পদত্যাগের দাবিতে বা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে এমন বিক্ষোভ বিরল। কারণ সেখানে সরকারের সরাসরি কোনো সমালোচনার ফল হতে পারে কঠোর শাস্তি। ওই বিক্ষোভে মূলত বাগ্স্বাধীনতা না থাকার প্রতীক হিসেবে সাদা কাগজ দেখান বিক্ষোভকারীরা। তবে পুচেংয়ের বিক্ষোভ নিয়ে নীরব রয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কর্র্তৃপক্ষের কাছে সংবেদনশীল মনে হওয়া অন্য যেকোনো ঘটনার মতোই এবারের বিক্ষোভেরও কোনো ভিডিও ক্লিপ বা এ নিয়ে দেওয়া পোস্ট চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকাংশে সেন্সর করা হয়েছে। কিন্তু চীন থেকে ফাঁস হওয়া বেশ কিছু ভিডিও এক্স-এ পোস্ট করা হয়েছে। এই ভিডিওগুলো পুচেং ভোকেশনাল এডুকেশন সেন্টারে ধারণ করার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। তবে বিক্ষোভ শুরু হওয়ার আগের কোনো ভিডিও অনলাইনে পাওয়া যায়নি। বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে পুচেং সরকারের প্রচার বিভাগের এক প্রতিনিধি বিক্ষোভ হওয়ার কথা অস্বীকার করেছেন।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে স্থানীয় কর্র্তৃপক্ষ জানায়, ড্যাং নামের ওই কিশোর পুচেংয়ের শিক্ষা কেন্দ্রের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
বিবিসি লিখেছে, মৃত্যুর আগে রাতের বেলা শিক্ষার্থীদের আড্ডার শব্দে ড্যাংয়ের ঘুম ভেঙে যায়। এ নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে স্কুলের এক কর্মকর্তা সেটি মীমাংসা করে দেন।
সেই রাতেই ছাত্রাবাসের নিচে এক শিক্ষার্থী ড্যাংয়ের মৃতদেহ দেখতে পায়। বিবৃতিতে একে ‘স্কুলের ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনাকে দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে আরও বলা হয়, পুলিশ তদন্ত সম্পন্ন করে বর্তমানে ঘটনাটিকে ফৌজদারি মামলার বাইরে রেখেছে।
