সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজা সিটিতে উদ্বোধন করা হয়েছে সাইয়্যিদা খাদিজা নামে এক নান্দনিক মসজিদ। প্রায় ৫০ হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এ মসজিদে ঐতিহ্যবাহী ফাতিমিদ স্থাপত্যশৈলীর সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটানো হয়েছে।
এই মসজিদের প্রধান নামাজ ঘরে ১ হাজার ৪০০ পুরুষ এবং বাইরের বারান্দায় ১ হাজার ৩২৫ জন নামাজ পড়তে পারবেন। এ ছাড়া ১৪০ জন মহিলার নামাজ আদায়ের জন্য আলাদা স্থান রাখা রয়েছে।
গত ৬ জানুয়ারি মসজিদটি উদ্বোধন করেন শারজার শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ পরিষদের সদস্য শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি স্মারক ফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারজার যুবরাজ ও ডেপুটি শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ বিন সুলতান আল কাসিমি, শেখ সালেম বিন মুহাম্মদ বিন সুলতান আল কাসিমি এবং ইসলামিক অ্যাফেয়ার্স ও ওয়াকফ বিভাগের পরিচালক শেখ আবদুল্লাহ বিন মুহাম্মদ আল কাসিমি। এ ছাড়া সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সাইয়্যিদা খাদিজা মসজিদে রয়েছে একটি বিশাল আকৃতির গম্বুজ। সঙ্গে রয়েছে দুটি ছোট গম্বুজ এবং রয়েছে সুউচ্চ দুটি মিনার। আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মসজিদে রয়েছে বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের ব্যবস্থা। মসজিদ প্রাঙ্গণে রয়েছে একটি লাইব্রেরি, অজুখানা, বিশ্রামাগার, গাড়ির পার্কিং সুবিধা এবং ইমাম ও মুয়াজ্জিনের বাসস্থান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের শেখ ড. সালেম আল-দোবি খুতবা প্রদান করেন। তিনি মসজিদের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অংশগ্রহণের জন্য মুসলিম সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন এ মসজিদটি একটি বিস্ময়কর স্থাপনা হিসেবে অভিহিত হয়েছে। কারণ আধুনিক নির্মাণশৈলীর সঙ্গে ফাতিমীয় খেলাফত আমলের স্থাপত্যের মিশ্রণ রয়েছে। সেই সঙ্গে মসজিদটির নামকরণ করা হয়েছে নবী মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নামে।
