আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ এএম

চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন এ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। এর আগে ২০২৩ সালের ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম, পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে মাঠে ফিরেছিলেন, খেলেছিলেন দুটি ওয়ানডে। কিন্তু এরপর ২০২৩ বিশ্বকাপের আগে তাকে নিয়ে হয় নানা নাটকীয়তা। ফলে বিশ্বকাপে তার খেলা হয়নি। এরপর ঘরোয়া ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে আর ফেরেননি তামিম। সবশেষ সিলেটে নির্বাচকদের সঙ্গে তার আলাপ হয়, সম্ভাবনা ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। তামিম চূড়ান্ত ঘোষণা দেওয়ার মাধ্যমে শেষ হয়ে গেল সেই সম্ভাবনাও।

তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।

এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি।

২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।

ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’

তামিমের অবসরের সিদ্ধান্ত নিয়ে আলাপ চলেছে সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন থেকে শুরু করে ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ বর্তমান নির্বাচকদের সঙ্গেও। প্রতিবারের আলাপের পরই অনিশ্চিত কিছু কথাবার্তা সামনে চলে আসত, যা অনেক সময়ই দলের মনোযোগ সরিয়েছে। তামিম পাকাপাকিভাবে সিদ্ধান্ত জানিয়ে দেওয়াতে অবসান হলো সেসব নাটকীয়তারও।

তামিম বাংলাদেশের হয়ে ৭০ টেস্টে করেছেন ৫১৩৪ রান। ২৪৩ ওয়ানডেতে তার সংগ্রহ ৮৩৫৭ রান। টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক। জাতীয় দলের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে করেছেন ১৭৫৮ রান। দেশের হয়ে তিন ফরম্যাটেই সেঞ্চুরি আছে তামিমের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত