মৃত্যু-ধ্বংসযজ্ঞ বাড়ছেই বাইডেনকে দুষছেন ট্রাম্প

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এখনো। ইতিমধ্যে দাবানলে পুড়ে মারা গেছে অন্তত ১০ জন। পুড়ে গেছে বিভিন্ন শহরের হাজার হাজার ঘরবাড়ি ও স্থাপনা। কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। ঝোড়ো বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েছেন দমকলকর্মীরা। এমন সময়ে নতুন এক বোমা ফাটালেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নরের সঙ্গে রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়েন। দাবানলের জন্য ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরে তার জবাব দেন বাইডেন।

সিএনএন জানাচ্ছে, গত মঙ্গলবার দাবানল শুরুর পর এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি লস অ্যাঞ্জেলেস কর্র্তৃপক্ষ। এ অবস্থায় ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের দোষারোপ করা শুরু করেছেন। তাদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি, নিউসম পানির অপচয় করছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বৃহস্পতিবার লেখেন, ‘গ্যাভিন নিউজকামের (গভর্নর নিউসম) পদত্যাগ করা উচিত। সব তার ব্যর্থতা!’ ট্রাম্প বলেন, ‘এটিকে বাইডেন-নিউজকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক হিসেবে প্রকাশ পেতে দিন।’

ট্রাম্প বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে, ২০ জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই।’ দিনটিতে জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

একই দিন হোয়াইট হাউজে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন বাইডেন। এ সময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়।

প্রেসিডেনশিয়াল মেয়াদের শেষপর্যায়ে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে বৃহস্পতিবার বাইডেনের সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল। কিন্তু দাবানল পরিস্থিতি বিবেচনায় আগের দিনই এ সফর বাতিল করেন তিনি।

ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ বাইডেন বলেন, আমি খুব স্বল্পসময়ের মধ্যে অফিস ছাড়ছি। কিন্তু এটি (দাবানল) রাজনীতির বিষয় নয়। এটি মানুষের মধ্যে এ নিরাপত্তার অনুভূতি এনে দেওয়ার বিষয় যে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।’

ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানল মোকাবিলায় সহায়তা করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থ ও অন্যান্য উপকরণের জোগান দেওয়ার বিষয়ে নানারকম ঘোষণা দেন জো বাইডেন। তবে ডেমোক্র্যাটদের অব্যবস্থাপনায় দাবানল নিয়ন্ত্রণে পানির সংকট দেখা দিয়েছে রিপাবলিকানদের এমন অভিযোগ খণ্ডন করতেই এ সময় বেশি আগ্রহী দেখা গেছে তাকে।

উল্লেখ্য, ট্রাম্পের অভিযোগ, গভর্নর নিউসম তুষার গলে স্বাভাবিক পানিপ্রবাহ তৈরিতে বাধা সৃষ্টি করছেন। এতে দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না।

তবে বাইডেন প্রশাসন বলছে ভিন্নকথা। তাদের বক্তব্য, মূল সমস্যা বিদ্যুৎ নিয়ে। কেননা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ সচল থাকলে ত্রুটিযুক্ত সঞ্চালন লাইনের কারণে আগুন আরও ছড়াতে পারে। এ অবস্থায় পানির পাম্পগুলো বন্ধ আছে।

হোয়াইট হাউজে অনুষ্ঠিত জরুরি বৈঠকে জো বাইডেন এ যুক্তিকে ভালোভাবে প্রচার করার জন্য কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, সংকটকালে গুজব ও ভয় খুবই দ্রুত ছড়ায়। এতে যেসব মানুষ সঠিক তথ্য সম্পর্কে অবগত নন, তারা স্থানীয় কর্মকর্তাদের ব্যাপারে অভিযোগ করেন যে তারা যতœশীল নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত