রাশমিকার কারণে শুটিং বন্ধ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ এএম

সামনে আসছে ঈদ। আর এই ঈদে সালমান খান হাজির হবেন ‘সিকান্দার’ চলচ্চিত্র নিয়ে। এই ছবি মুক্তির আগে শোরগোল ফেলে দিয়েছে। কেননা প্রথমবারের মতো এই চলচ্চিত্রে সালমান খানের নায়িকা হতে যাচ্ছেন সর্বভারতীয় লাস্যময়ী রাশমিকা মান্দানা। বলা হচ্ছে ২০২৫ সালে বলিউড কাঁপাবে যে দুটি চলচ্চিত্র, তার মধ্যে একটি ‘সিকান্দার।’

তবে এরই মধ্যে শোনা গেল এক নতুন খারাপ খবর। ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ। গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শুটিং। তারপর কিছু অংশের শুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে।

এরপর আসে আরেক বাধা! পাঁজরে আঘাত পান সালমান খান। তা নিয়েই অবশ্য শুটিং চালিয়ে গেছেন নায়ক। এরপর ঘটে সালমানের বাড়িতে গুলিকান্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। এতকিছুর পরও একটু একটু করে শুটিংয়ের কাজ শেষ পর্যায়েই চলে এসেছিল। বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল আরেক দুঃসংবাদ। এবার জিম করার সময় আকস্মিকভাবে আঘাত পেয়েছেন রাশমিকা। আঘাতের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শুটিং সেটে ফিরতে চান তিনি; ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শুটিংয়ের কাজ।

এআর মুরুগাদস পরিচালিত ছবি ‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না বলেও জানিয়েছেন প্রযোজক।

সালমান খানের সিকান্দার সিনেমার টিজার ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পেয়েছে। এ আর মুরুগাদস পরিচালিত এই ছবিতে সালমান খানের সঙ্গে রাশমিকা মান্দানা অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ছবি পরিবেশক এবং প্রদর্শক রাজ বানসাল বলেন, ‘‘সিকান্দার সিনেমার টিজারটি ভালো হলেও এটি এমন নয় যে, বিশাল আলোড়ন সৃষ্টি করবে। ‘ওয়ার ২’ হবে ২০২৫ সালের সবচেয়ে বড় হিট।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত