বসুন্ধরা কিংসকে শুরুর এক ঘণ্টা সেভাবে চেনাই গেল না। নিজেদের আঙিনায় এতটা বিবর্ণ কিংসকে দেখে অবাকই হয়েছেন সমর্থকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে তারা দেখেছেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের এক অমার্জনীয় ভুলে কিংসের পিছিয়ে পড়া। এরপর অগোছালো ফুটবলে হতাশাটা বাড়িয়েছেন ফুটবলাররা। তবে শেষের আধঘণ্টা বদলে যাওয়া ফুটবলে কিংস ৪-১ গোলের হার উপহার দিয়েছে ৩২ মিনিটে দশজনের দলে পরিণত হয়েও জয়ের অসম্ভব স্বপ্ন দেখতে থাকা ফকিরেরপুলকে। শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে একই ব্যবধানে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। আর ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ও ফর্টিস এফসির ম্যাচটা শেষ হয়েছে ১-১ ড্রয়ে।
শেষ পাঁচটি লিগ শিরোপা নিজেদের করে নেওয়া বসুন্ধরা কিংসের আগ্রাসী রূপটা এই মৌসুমে উধাও। প্রথম সাত ম্যাচের চারটি জিতেছে তারা। একটি ড্রয়ের বিপরীতে দুই ম্যাচে হার কিংসের নামের পাশে ভীষণ বেমানান। ১৩ পয়েন্ট নিয়ে তারা চারে উঠে আসলেও শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে তাদের ব্যবধান এখন আট পয়েন্টের। ব্রাদার্স সে তুলনায় এবার ভালোই চমক দেখাচ্ছে। সাত ম্যাচে চার জয়, দুই ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয়স্থানে। ড্র করে ফর্টিস ও পুলিশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। দু’দলই সাত পয়েন্ট নিয়ে আছে যথাক্রমে ছয় ও সাতে।
কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর বাঁশি বাজার পরপরই সবাই সাক্ষী হয় মেহেদী হাসান শ্রাবণের এই শিশুতোষ ভুলের। সেন্টারব্যাক টুটুল হোসেন বাদশার দুর্বল একটা ব্যাকপাস রিসিভ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। তার পায়ের তলা দিয়ে বল জালে জড়িয়ে গেলে ফকিরেরপুল পায় অপ্রত্যাশিত লিড। সেটা বাড়ানোর সুযোগ তারা পেয়েছিল ১৩ মিনিটে। তবে উজবেক ফরোয়ার্ড তুরায়েবের ডিফেন্সচেড়া থ্রু পেয়ে গোল করতে পারেননি রাফায়েল টুডো। এই তরুণ স্ট্রাইকারের শট পা দিয়ে কোনো মতো ঠেকিয়ে দেন শ্রাবণ। পরের মিনিটে তুরায়েবকে হতাশ করেন কিংস কিপার। ডিফেন্সের দুর্বলতায় বল পেয়ে বক্সে ঢুকে পড়েছিলেন তুরায়েব। তার ডান পায়ের শটটা অবশ্য সরাসরি শ্রাবণের শরীরে বাধা পায়।
ওদিকে শত চেষ্টা করেও যে কিংসের ফরোয়ার্ডরা খুলতে পারছিল না ফকিরেরপুলের গোলের দরজা। এমনকি ৩২ মিনিটে লালকার্ডের ঘটনায় ফকিরেরপুল দশজনে পরিণত হওয়ার পরও নয়। ডিফেন্ডার তিয়াস দাশকে লালকার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখতে হয় রাব্বি হোসেন রাহুলকে ফাউলের অভিযোগে। এর আগের হলুদ কার্ডটাও তিনি দেখেন রাহুলকে জোড়া পায়ে ট্যাকল করে।
১০ জন হয়ে পড়া ফকিরেরপুল পুরোপুরি রক্ষণাত্মক কৌশলে খেলে বিরতিতে যায় লিডের স্বস্তি নিয়ে। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ে কিংসের। তারপরও গোল যেন মরীচিকা হয়ে গিয়েছিল। সেই গোলজট কাটে ৬৯ মিনিটে। সোহেল রানা জুনিয়রের অসাধারণ থ্রু পাস বক্সে পেয়ে ডান পায়ের প্লেসিংয়ে বল জালে জড়ান মিগেল ফিগেইরার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা জোনাথন ফার্নান্দেজ। এই ব্রাজিলিয়ান এরপর নেন গোল করানোর ভূমিকা। গুনে গুনে আরও তিন গোল করিয়ে কিংসকে দুই ম্যাচ পর ফেরান জয়ের পথে। ৭২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম কিংসকে লিড এনে দেন সুযোগ সন্ধানী গোলে। সোহেল রানা সিনিয়রের আড়াআড়ি পাস নিয়ে বক্সে ঢুকতে গিয়ে মার্কারের বাধায় পড়ে যান জোনাথন। তবে নিয়ন্ত্রণ হারানোর আগে আলতো টোকায় বল দেন ফাহিমকে। চলন্ত বলে ফাহিম নিখুঁত প্লেসিংয়ে গোল করেন। এর চার মিনিট পর কিংসকে আরও এগিয়ে নেন বদলি রফিকুল ইসলাম। এবারও জোনাথনের আলতো পাস মার্কারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় রফিককে। ডান পায়ের শটে গোল করতে ভুল করেননি এই মিডফিল্ডার। ৮৩ মিনিটে জোনাথনের থালায় সাজিয়ে দেওয়া বলে ফিনিশিংটা ঠিকঠাক করে দলের গোলৎসবে যোগ দেন রাকিব।
