পর্দা উঠছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

আজ পর্দা উঠছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। এ বছর উৎসবে দেখানো হবে ৭৫ দেশের ২২০টি সিনেমা, থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী।

রাজধানীর ছয়টি ভেন্যুতে ৯ দিনব্যাপী এ উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের অনেক চলচ্চিত্র কলাকুশলী। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যর সিনেমা। দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে। দর্শকরা বিনামূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করতে পারবেন। 

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চিউ ঝ্যাংয়ের চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে এদিনে।

উৎসবের অংশ হিসেবে ১২ ও ১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। এ কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি থাকবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।

উৎসবের অংশ হিসেবে ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে মাস্টারক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। 

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উৎসবে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে যথাক্রমে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত