মিউজিক ভিডিও নিয়ে আগ্রহ নেই, বিগ বাজেট হলে ভেবে দেখবো: খায়রুল বাসার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে পড়াশোনা করেছেন খায়রুল বাসার। সংগীতে পড়ালেখা শেষ করলেও গানের মানুষ না হয়ে খায়রুল হয়েছেন অভিনয়ের মানুষ। অভিনয়ের শুরুটা ২০১১ সালে মুকাভিনয় দিয়ে। কিন্তু দেশের টেলিভিশন নাটকের অন্যতম মুখ হয়ে উঠেছেন এই অভিনেতা। শুটিং নিয়ে সাম্প্রতিক সময়ে যে কজন অভিনয়শিল্পী ব্যস্ত সময় পার করছেন তার মধ্যে খাইরুল বাসার অন্যতম। ছোট পর্দায় অভিনয় করলেও এই অভিনেতাকে বড় পর্দায় কিংবা গানের ভিডিওচিত্রে তেমন একটা দেখা যায় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে সংগীত নিয়ে পড়াশোনা করে সংগীতকেন্দ্রিক কোনো স্থানে তাকে দেখতে পাওয়া যায় না কেন?

গান করেন না কিংবা গানের ভিডিওচিত্রেও অভিনয় করেন না, কেন এমন প্রশ্ন করা হলে এই অভিনেতা দেশ রূপান্তরকে বলেন, ‘মিউজিক ভিডিও নিয়ে আমার আসলে প্ল্যান নেই কোনো। তবে অংশু ভাই (তানিম রহমান অংশু) খুব ভালো মিউজিক ভিডিও বানান। যদি অংশু ভাইয়ের সঙ্গে কখনো কাজ করার সুযোগ হয় তাহলে অবশ্যই আমি মিউজিক ভিডিওতে কাজ করব। তারপরেও মিউজিক ভিডিওতে কী হচ্ছে না হচ্ছে অবশ্যই ভাইয়ের কাছ থেকে জানব যদি সুযোগ হয় আরকি। এমনিতে মিউজিক ভিডিওতে কাজ করার তেমন কোনো প্ল্যান নেই। যদি খুব বিগ বাজেটের একটা মিউজিক ভিডিও হয় তাহলে হয়তো করতে পারি।’ 

সংগীতে অনার্স করেছেন খায়রুল বাসার। আগ্রহের বিষয় বলেই হয়তো স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সংগীত বিষয়ে। নিজে এই বিষয়ে সবচেয়ে কার গাওয়া গান বেশি শোনেন ভক্তরা স্বাভাবিকভাবেই জানার আগ্রহ প্রকাশ করতে পারে। ভক্ত, দর্শক কিংবা শ্রোতাদের সেই কৌতূহলকে সঙ্গে নিয়েই সময়ের জনপ্রিয় এই অভিনেতার কাছে জানতে চাওয়া হয় তার পছন্দের শিল্পী কে। খাইরুল বাসারকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে সময় নেননি। এই সময়ের অনেক জনপ্রিয় শিল্পী রয়েছে তবে খাইরুল উত্তর দিলেন, ‘পছন্দের শিল্পীর তালিকায় এই সময়কার হাবিব ওয়াহিদ, হৃদয় খান।’

হাবিবের গানের ভিডিওচিত্রে অভিনয় করার আগ্রহও প্রকাশ করেন ছোট পর্দার এই অভিনেতা। বিশেষ করে ২০০৬ সালে তুমুলভাবে ছড়িয়ে পড়া দিন গেল তোমারও পথ চাহিয়া গানের ভিডিওচিত্রে অভিনয় করার একটা বাসনা ছিল বা রয়েছে। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, কেন জানি মনে হয় ‘শুভ্র চাঁদ’ মিউজিক ভিডিওতে যদি কাজ করতে পারতাম। তারপর ‘দিন গেল তোমার পথ চাহিয়া’ মিউজিক ভিডিওতে যদি থাকতে পারতাম। আহলে এই গানগুলো শুনলেই মিউজিক ভিডিওর কথা মাথায় আসে বা তখন আসত। মিউজিক ভিডিওর কথা উঠলেই ওনাদের কথা মাথায় আসে। এই স্ট্যান্ডার্ডের যদি গান হয় তাহলেই আমি মিউজিক ভিডিও করব।

খাইরুল বাসার এই সময়ের মুখ্য অভিনেতা হলেও পার্শ্ব অভিনেতা থেকে তিনি পরিচিতি পান। মহানগর ওয়েব সিরিজে ছোট একটি চরিত্র তাকে সামনে নিয়ে আসে। 

২০১১ সালে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’ নামে মূকাভিনয় সংগঠন নিয়ে যাত্রা শুরু হয় এ অভিনেতার। তখন থেকেই নিয়মিত চর্চা শুরু হয়। তারপর দেশে ও দেশের বাইরেও মূকাভিনয় নিয়ে ছুটেছেন বহুবার। ২০১৭ সাল পর্যন্ত খুব সক্রিয় ছিলেন মূকাভিনয়ে। ২০১১ থেকে ২০১৭ সালের এই সময়টাতে প্রায় ৪০০ শো করেছেন খাইরুল বাসার। যার মধ্যে স্ট্রিট শো ও স্টেজ শো ছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত