যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ এএম

সম্প্রতি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে গত সপ্তাহ ধরে দাবানলের আগুনে পুড়ে ছাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। 

স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা কূলকিনারা করতে না পেরে শেষ পর্যন্ত কারাবন্দিদেরও তাদের সহযোগী হিসেবে নিযুক্ত করেছে। তাতেও তারা হিমশিম খাচ্ছে। এবার তাদের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিবেশী কানাডা ও মেক্সিকো। 

কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।

গতকাল রবিবার দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন ট্রুডো।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার হয়েছে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের ওই শহর। শুষ্ক প্রবল বাতাসের ফলে দাবানলের আগুন হু হু করে চারিদিকে ছড়িয়ে পড়ে খুব অল্প সময়ের মধ্যে। এতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। ১২ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। পুড়েছে হাজার হাজার একর জমি। এ ক্ষতি কাটিয়ে উঠতে টানা ছয় মাসের বেশি সময় শহরটিকে সহায়তা দিয়ে যেতে হবে বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কেননা হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে কানাডা ও মেক্সিকো। অথচ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগেই এ দুই দেশের ওপর অতিরিক্ত কর আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত