লিটন দাস আর ট্রোলিং যেন পাশাপাশি চলে। এক দশকের ক্যারিয়ারে খুব কমই ধারাবাহিক ছিলেন। তবে যেদিন তিনি খেলেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। যেমনটা খেললেন গতকাল দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে। অথচ এই দিনই তাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। তাহলে জাতীয় দল থেকে বাদ পড়াই কি তাতিয়ে দিল লিটনকে?
৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলে লিটন কৃতিত্ব দিলেন স্ত্রী সঞ্চিতা এবং শাহীন নামের অচেনা এক ব্যক্তিকে, ‘সবার স্ত্রীই সবাইকে সহযোগিতা করে। এই দিক থেকে আমার কমতি কখনোই ছিল না। এছাড়া শাহীন আমাদের দলে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে। একজন ব্যাটসম্যানের কোথায় কী ভুল হচ্ছে, সেটা সে বলতে পারে।’
শাহীন আসলে ঢাকা ক্যাপিটালসের বল বয়। তবে লিটনের সঙ্গে তার সম্পর্কটা অনেক পুরনো। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসে চার বছর লিটনের সঙ্গে কাজ করেছেন শাহীন। লিটনকে বল ছোড়াই ছিল তার কাজ। এই কাজ করতে গিয়ে তিনি বুঝে গিয়েছিলেন লিটনের কোথায় সমস্যা হচ্ছে। তাই তিনি লিটনকে ছোটখাট কিছু পরামর্শও দিয়েছেন, যা কাজে লেগেছে তারকা এই ব্যাটারের।
লিটনের ভাষায়, ‘আমি কয়েক দিন ধরে তার সঙ্গে প্র্যাকটিস করেছি, সে আমাকে অনেক সাহায্য করেছে। ওর কিছু কথায় আমার মনে হয়েছে কিছু জিনিস পরিবর্তন করলে আমার জন্য ভালো হতে পারে। সব সাহায্য যে কোচই করবেন, বিষয়টা সেরকম নয়। যেকোনো মানুষই সাহায্য করতে পারে।’
কপিল দেবকে পিস্তল নিয়ে মারতে গিয়েছিলেন যুবরাজের বাবা!
বাংলাদেশের জেসি এখন বিশ্বকাপের আম্পায়ার