সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বিষয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা আগামী ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে এ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচি হিসেবে বলা হয়েছে, প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর; অগ্রগতি পর্যালোচনা এবং বিবিধ।

এদিকে তিন দফা দাবিতে সোমবার সচিবালয়ে গণঅনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো- দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি স্বাক্ষর করা; সকল প্রকার প্রতিবন্ধকতা ব্যতিরেকে কার্য সম্পাদনের দায় নিয়ে বানী ভবন ও হাবিবুর রহমান ভীনের স্টিল বেইজড ভবনে নির্মাণ অনুমোদন ও করা বাজেট পাস করতে হবে। ২০২৫-২৬ অর্থবছর আসার পূর্বেই জরুরি ভিত্তিতে ৭০ শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা আগামী ফেব্রুয়ারি ২০২৫ থেকেই প্রদানে ঘোষণা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত