গাজীপুরের রাজেন্দ্রপুরে ডিবি পুলিশের পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় কারখানার ক্রেডিট রিয়াইলেজশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিকে বাড়িতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা ব্যাগে ভরে রাজধানীর বাড্ডায় অবস্থিত প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন কর্মকর্তা হেলাল উদ্দিন।
বেলা ২টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেয়। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরও ৮-১০ জন ছিল। চালক মুজিবুর রহমান গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারীরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক মুজিবুর রহমান ও হেলাল উদ্দিনের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে মারধর শুরু করে।
এসময় তারা মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেয় এবং চালক মজিবুর রহমান চিৎকার করলে মারধর করে। পরে টেনেহিঁচড়ে তাদের মাইক্রেবাসে তুলে চোখ-মুখ বেঁধে হাতকড়া পরিয়ে দেয়। বেলা ৩টার দিকে নগরীর বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে তাদের ফেলে রেখে চলে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে অপর একটি গাড়িতে করে চলে যায়।
তখন কর্মকর্তা হেলাল উদ্দিন ও চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
গণভবনে পড়ে আছে টিউলিপের লিফলেট, দেড় হাজার ডলারের কলম
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের