চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্তরা। মঙ্গলবার সকালেও সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের ১নং গেটের বিপরীত রাস্তায় অনশন কর্মসূচি পালন করছেন তারা।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা জানান, যোগ্যতার মাপকাঠিতে টিকে চাকরি পেয়েছিলেন তারা, কিন্তু আজ তাদেরকে এ শীতে জবুথবু হয়ে অনশন পালন করতে হচ্ছে। তারা প্রশ্ন রাখেন, এরপরও কি আমাদের প্রতি রাষ্ট্রের দয়া হয় না?
তারা জানান, গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কাছে গেলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা আরও জানিয়েছেন, একই দাবিতে এর আগে ৫ ও ৬ জানুয়ারি তাঁরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তখন দাবি মেনে নিতে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তাঁরা। কিন্তু এইসময়ের মধ্যেও তাদের দাবি মানা হয়নি।
গত বছরের ২১ অক্টোবর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জনকে ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আরও ১১ জন শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ ৩২১ জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে নাশতা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়।
তবে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইরা বলছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়। এভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় তাঁদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। এতে তাঁরা ও তাঁদের পরিবার অসহায় বোধ করছে। শিগগিরই তাঁরা এ অবস্থার প্রতিকার চান।
চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচনের দাবি তুলবে বিএনপি
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব