অন্তর্বর্তী সরকার খেই হারিয়ে ফেলছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পাঁচ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি আস্থার মর্যাদাও রাখতে পারছে না। মাঝেমধ্যে তারা খেই হারিয়ে ফেলছে। কাজের অগ্রাধিকারও তারা ঠিক করতে পারছে না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, বাজার পরিস্থিতি এখনও বেসামাল। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জীবন-জীবিকা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়। শিক্ষা ব্যবস্থায় নৈরাজ্য অব্যাহত রয়েছে। স্কুলের পাঠ্যবইয়ে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের কাছে মড়ার ওপর খাড়ার ঘায়ের মত। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা তখন এই পদক্ষেপ দুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। এসব পদক্ষেপ একদিকে গরীব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দেবে, অন্যদিকে শিল্পে ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

তিনি বলেন, সরকারের রাজস্ব আয়ের অনেক সুযোগ থাকলেও তা কাজে লাগানো হচ্ছে না। কর ফাঁকি ও অর্থ পাচারকারীদের ধরতে দৃশ্যমান ও কার্যকরী কোনো পদক্ষেপ নেই। প্রায় ছয় লাখ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ে বিশেষ তৎপরতা নেই। দুর্নীতিবাজ-দুর্বৃত্তদের কাছ থেকে তাদের অবৈধ অর্থ উদ্ধারে গত কয়েকমাসে কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাছাড়া জ্বালানি খাতসহ নানা ক্ষেত্রে রয়েছে সীমাহীন সিস্টেম লস ও দুর্নীতি। কর ফাঁকি রোধ, খেলাপী ঋণ ও অবৈধ অর্থবিত্ত সামান্যও যদি উদ্ধার করা যায় তাহলে বিদ্যমান রাজস্ব সংকট কাটিয়ে উঠা সম্ভব। এর বাইরে অপ্রয়োজনীয় কিছু মেগা প্রকল্প বন্ধ, বিলাসদ্রব্যের আমদানি সীমিত করাসহ নানাভাবে আর্থিক সংকট উত্তরণের সুযোগ রয়েছে। 
 
তিনি বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে নেয়া নিত্য ব্যবহৃত পণ্যের ওপর ভ্যাট ও করবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির চট্টগ্রাম জেলার সম্পাদক মৃদুল বড়ুয়া, ঢাকা মহানগর কমিটি বাবর চৌধুরী, আরিফুল ইসলাম প্রমুখ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত