খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে ঘটনার পাঁচদিন পর গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আসামিদের মধ্যে কাউন্সিলরের সঙ্গে হোটেলে অবস্থানকারী নারী সঙ্গীও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। গ্রেপ্তার তিনজনেরই বাড়ি খুলনায় বলে তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
রহমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান চালায়।
একপর্যায়ে সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে জনৈক নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। আর ঘটনার পর থেকে ওই নারীর সন্ধান পাচ্ছিল না পুলিশ। এ ছাড়া গ্রেপ্তার অপর দুইজন হত্যাকাণ্ডের মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে।
গ্রেপ্তারদের মৌলভীবাজার থেকে কক্সবাজার নিয়ে আসা হচ্ছে এবং বুধবার সংবাদ সম্মেলনে বিস্তারিত গণমাধ্যম কর্মীদের অবহিত করা হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে অজ্ঞাত দূর্বৃত্তরা কেসিসির সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় র্যাব টিপুর সঙ্গে বেড়াতে আসা কেসিসির আরেক সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু ও কক্সবাজারের বন্ধু মেজবাহ উল্লাহ ভূট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরে ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। এখনো তাদের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেননি আদালত।
দেশে যথেষ্ট সার আছে, কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল
রেললাইনে নারীর ক্ষতবিক্ষত লাশ, পাশেই রক্তমাখা ছুরি
কবে কারামুক্ত হচ্ছেন বাবর?