ভ্যাটের পর এবার বাড়লো এলপিজির দাম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা (ভ্যাট) বাড়ানোর পর এবার দাম বেড়েছে এলপিজির। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম ৪ টাকা বাড়িয়ে ১৪৫৯ টাকা করা হয়েছে।

যদিও গত ২ জানুয়ারি ১৪৫৫ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভ্যাট সমন্বয় করে নতুন এলপি গ্যাসের দাম ঘোষণা করে বিইআরসি।

নিদের্শনা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা। তবে জানুয়ারি মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা। আর গত ডিসেম্বরেও অপরিবর্তিত ছিল এই দাম।

এ ছাড়া বেসরকারি এলপিজির প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ পয়সা, যা ভ্যাট বৃদ্ধির আগে ছিল ১২১.১৯ টাকা এবং রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৬.৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭.২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত