বাড়তি মালপত্রের খরচও এখন রোহিতদের থেকে নেবে বিসিসিআই!

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে মহাবিপাকে পড়েছেন রোহিত শর্মারা। ক্রিকেটারদের ওপর কঠোর সব সিদ্ধান্ত চাপাতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার জানা গেল, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশে একটি নির্দেশিকায় বলা হয়েছে যে, ক্রিকেটারের মালপত্রের ওজন ১৫০ কেজির বেশির হলে বোর্ড বাড়তি খরচ বহন করবে না। বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনার।

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়ার প্রশ্ন, ক্রিকেটারদের এমন কী মালপত্র থাকে যার ওজন দেড়শ কেজির ওপর হয়ে যায়? তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বোর্ড নাকি ১৫০ কেজি পর্যন্ত মালপত্রের খরচ বহন করবে, বাকিটা দেবে ক্রিকেটার। একটা সফরে কেন একজন ক্রিকেটার ১৫০ কেজি মালপত্র নিয়ে যাবে? কোনো ক্রিকেট কিট ব্যাগের ওজনই ৪০ কেজির বেশি হয় না। কারণ ১৫টা ব্যাটের ওজনই ২০ কেজির কম। তার মানে ১১০ কেজির জামাকাপড়?? তাতেও নাকি কারও কারও পোষাচ্ছে না! বোর্ড অতিরিক্ত মালপত্রের টাকা দেবে- এমনটা ভাবার কারণ কী?’

বিসিসিআই আরও নির্দেশ দিয়েছে যে, কোচ এবং ক্রিকেটারদের টিম বাসে একসঙ্গে ভ্রমণ করতে হবে। এই নিয়ম আগে থেকে থাকলেও সম্প্রতি কিছু কিছু ক্রিকেটার নিজেদের মতো করে যাতায়াত করছিলেন। তবে এই বিষয়টি নিয়ে আপত্তি আছে আকাশের, ‘সব ক্রিকেটারকে টিম বাসে যেতে হবে, এই বিষয়টাও বিভ্রান্তিকর। এই জিনিস তো বরাবরই ছিল। যদি এই নিয়মের প্রয়োগ না থাকে, তাহলে খুঁজে বের করতে হবে কে এই নিয়ম ভঙ্গ করেছে এবং কেন?’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত