নোভাক জকোভিচ আবারও লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার পথে তিনি পেরিয়েছেন রজার ফেদেরারের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ড।
৩৭ বছর বয়সী জকোভিচ তার ক্যারিয়ারের ৪৩০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে জয় তুলে নেন। কোয়ালিফায়ার জাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭ (৪-৭), ৬-৩, ৬-২ সেটে পরাজিত করেন তিনি। এই জয়ের মাধ্যমে তিনি শুধু ফেদেরারকে পেছনে ফেলেননি, বরং নারী-পুরুষ মিলিয়ে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ খেলার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন। উল্লেখ্য, ফেদেরার ২০২১ সালে উইম্বলডনে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচটি খেলেছিলেন।
মাইলফলক ছোঁয়ার পর জকোভিচ বলেন, 'আমি এই খেলাটাকে ভালোবাসি। প্রতিযোগিতা আমার রক্তে মিশে গেছে। ২০ বছরেরও বেশি সময় ধরে আমি গ্র্যান্ড স্ল্যামে লড়াই করছি। জয় বা হার, আমি সবসময় আমার সবকিছু দিয়ে খেলি। আরেকটি রেকর্ড গড়তে পারায় আমি ধন্য।'
এই জয়ের ফলে জকোভিচ নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করেন। তিনিই প্রথম পুরুষ খেলোয়াড় যিনি ৩০ বছরের বেশি বয়সে ১৫০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন।
এখনও আরও ইতিহাস গড়ার সুযোগ আছে তার সামনে। যদি তিনি মেলবোর্নে শিরোপা জিততে পারেন, তবে এটি হবে তার ২৫তম গ্র্যান্ড স্ল্যাম। এ অর্জনের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টকে ছাড়িয়ে এককভাবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মালিক হবেন।
তৃতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ২৬তম বাছাই টমাস মাচাকের।
লিটন বাদ পড়ায় তার ‘বড় ভক্তের’ মন খারাপ