গিয়েছিলেন বেড়াতে, এসে দেখেন ঘরে ঢুকার রাস্তায় ইটের দেয়াল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১১:২৯ পিএম

ঘরে তালা দিয়ে সম্প্রতি ঢাকায় ছোট মেয়ের বাসায় বেড়াতে যান মোছা. রোকেয়া ইসলাম (৫৫)। সেখান থেকে ফিরে এসে দেখেন বসতঘরে ঢুকার মাঝ রাস্তায় ইটের দেয়াল তুলে দিয়েছেন তার স্বামীর দুই সহোদর ও ভাতিজা। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। এদিকে ইটের দেয়াল তৈরির ফলে গত ৩ দিন ধরে মেয়েদেরকে নিয়ে ঘরে ঢুকতে পারছেন না ভুক্তভোগী এ নারী। এ অবস্থায় থানায় ৩ জনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। 

জানা গেছে, রোকেয়ার স্বামী জাহাঙ্গীর আলম মারা যান ২০০৯ সালে। স্বামীর রেখে যাওয়া ৩ শতক জমির ওপর মেয়েদেরকে নিয়ে বসবাস করছিলেন মোছা. রোকেয়া ইসলাম। গত ১৮ ডিসেম্বর ঢাকায় ছোট মেয়ের বাসায় বেড়াতে যান রোকেয়া। সেখান থেকে গত (১২ জানুয়ারি) ফিরে এসে দেখেন বসতঘরে ঢুকার মাঝ রাস্তায় বিশাল ইটের তুলে দিয়েছেন তারই আপন দেবর মো. শামীম মিয়া (৫৫), সেলিম মিয়া (৫৭) ও ভাতিজা কমল (৪২)। 

ভুক্তভোগী রোকেয়া ইসলাম বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই দেবর ও ভাতিজারা আমাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। পাশাপাশি আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করারও চেষ্টা করেছে। মানসম্মানের ভয়ে এদের সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। এখন আমার ঘরে ঢুকার রাস্তাই বন্ধ করে দিছে।’ 

এ প্রসঙ্গে জানতে মো. শামীম মিয়ার নম্বরে একাধিকবার  কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান,  লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  দ্রুত উভয় পক্ষকে ডেকে এনে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত